ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার রায় আজ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১১:০১:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১১:২৮:১৬ পূর্বাহ্ন
​প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার রায় আজ ​ছবি: সংগৃহীত
অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের মামলার রায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঘোষণা করা হবে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর এই রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

সিয়াম মূলত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। দুদকের কৌঁসুলি দেলোয়ার জাহান রুমী জানিয়েছেন, তাঁরা আদালতে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন এবং আসামির সর্বোচ্চ ১০ বছরের সাজা প্রত্যাশা করছেন।

অন্যদিকে, সিয়ামের আইনজীবী রফিকুল ইসলামের দাবি, দুদক সিয়ামের বিরুদ্ধে যে সম্পত্তির কথা উল্লেখ করেছে, তা প্রমাণ করতে পারেনি; তাই তিনি বেকসুর খালাস পাবেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনে শুনানিকালে সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়, যেখানে জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। গত ১৭ জুন এই মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত এবং ১৩ সেপ্টেম্বর ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ