ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​পানি উন্নয়ন বোর্ড নির্বিকার

কলাপাড়ায় বেড়িবাঁধের স্লোপের গাছ কেটে স্থাপনা তোলা চলছেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৬:২২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:৫৪:০২ অপরাহ্ন
কলাপাড়ায় বেড়িবাঁধের স্লোপের গাছ কেটে স্থাপনা তোলা চলছেই ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
থামছেই না গঙ্গামতির ধোলাইর মর্কেট সংলগ্ন বেড়িবাঁধের গাছ কেটে স্থাপনা তোলার কাজ। ফলে ফের বাঁধের স্লোপ দখল হওয়ার পাশাপাশি সবুজ বনায়ন নিধন করা হচ্ছে। প্রতি রাতে প্রথমে কাটা হয় গাছ। তারপরে তোলা হয় কাঠের স্ট্রাকচারের ওপর টিনশেড স্থাপনা। প্রতি রাতে গঙ্গামতি সৈকত থেকে ট্রলিতে করে বালু আনা হয়। পানি উন্নয়ন বোর্ড কিংবা বনবিভাগ এনিয়ে রয়েছে নির্বিকার। পটুয়াখালীর পর্যটন সমৃদ্ধ উপজেলা কলাপাড়ার গঙ্গামতি এলাকায় এসব চলছে এখন ফ্রি-স্টাইলে। 

সম্প্রতি এসব নিয়ে আরেকবার বিভিন্ন গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশ হয়। তখন পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার কার্যসহকারী রিয়াজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। যোগাযোগ করেন স্থাপনা তোলা ব্যক্তিদের সঙ্গে। কিন্তু থামেনি স্থাপনা তোলার কাজ। ফলে পর্যটন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশ সংবেদনশীল এলাকার সবুজ বনায়ন রক্ষা হচ্ছে না। উল্টো বিলীন হয়ে যাচ্ছে। 

ইতোপূর্বে এই বাঁধ পুনরাকৃতিকরণের সময় বাঁধের স্লোপে থাকা বিভিন্ন ধরনের স্থাপনা অপসারণের জন্য সরকারের কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। সেই বাঁধের স্লোপে আবার নতুন করে স্থাপনা তোলার কাজ চলছে, তাও আবার বেড়িবাঁধের স্লোপের গাছ কেটে তোলা হচ্ছে। বিষয়টি সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। পরিবেশ সচেতন সংগঠকরা এনিয়ে ক্ষুব্ধ মনোভাব পোষণ করেছেন।

তবে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া নির্বাহী প্রকৌশলী মো: শাহআলম বলেন, ওইসব স্থাপনা অপসারণে তারা প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ