ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৫:০১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৫:৩৬:০৭ অপরাহ্ন
ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ​ফাইল ছবি
বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ সকল সদস্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

অন্তর্বর্তী সরকার জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে’ নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ বিবৃতি দেন নাহিদ।

তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এ ঘটনায় আবারও আওয়ামী লীগের ‘সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে’ উন্মোচিত করেছে বলে মন্তব্য করেন মুহাম্মদ ইউনূসের সরকারে থাকা নাহিদ ইসলাম।

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, “এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই।”

এনসিপি আহ্বায়ক বলেন, “দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে।”

বিবৃতিতে তিনি ‘গণহত্যা ও সন্ত্রাসের দায়ে’ অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

ড. ইউনূসকে হেনস্তা: কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ