ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-১০-২০২৬ ১১:১৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-১০-২০২৬ ১১:১৭:১৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বাংলাদেশের টেকসই জ্বালানি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রসারে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার এট হোমের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিতে ডেসকোর পক্ষ থেকে স্বাক্ষর করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ, আর্কাইভ গ্রন্থাগার অধিদপ্তরের পক্ষ থেকে পরিচালক (যুগ্মসচিব) ফারজানা সুলতানা এবং ফাইবার এট হোম এর পক্ষ থেকে প্রকল্প পরিচালক শাহজামান হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, ‘আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে জাতীয় গ্রিডে ৩০০০-৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে সম্প্রতি সকল সরকারি দপ্তরে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে রুফটপ সোলার স্থাপনকে উৎসাহিত করার লক্ষ্যে এই সময়ের মধ্যে স্থাপিত রুফটপ সোলার সিস্টেম হতে বিদ্যুৎ ক্রয়ের জন্য সরকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে।
এর আওতায় গ্রাহক তাঁর ছাদে স্থাপিত সোলার সিস্টেম হতে উৎপাদিত বিদ্যুৎ দ্বারা নিজের চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ গ্রিড সরবরাহ করলে তা প্রতি ইউনিট ১০.৫০ টাকা হারে সরকার ক্রয় করে নেবে। সোলার সিস্টেম স্থাপনের ব্যয় কমিয়ে আনার জন্য ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে শুরু করে পরবর্তী ১৮০ দিনের জন্য সোলার সিস্টেম সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশের আমদানি শুল্ক ১% নির্ধারণ করা হয়েছে। জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে এই সময়ের মধ্যে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে আমরাও সরকারের এই বিশেষ কার্যক্রমে অংশগ্রহণ করছি।
এছাড়া যে প্রতিষ্ঠান ইনভেস্টমেন্টের মাধ্যমে এই মহতি উদ্যোগে এগিয়ে আসছেন তারা কোনক্রমে যেন হতাশ না হন সেদিকে বিদ্যুৎ বিভাগ এবং স্থাপনা কর্তৃপক্ষকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার সবার আগে বাংলাদেশ আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে।’
সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম সংস্কৃতি মন্ত্রণালয়ের যতগুলো স্থাপনায় সোলার প্যানেল বসানো সম্ভব, তা যেন বাস্তবায়ন করা হয় সেজন্য বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।
জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ডেসকো ১২. ৫ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্পের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন এবং ফাইবার এট হোমের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী।
স্বাগত বক্তব্য রাখেন ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম আহমেদ এনডিসি পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার জহিরুল ইসলাম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণতা রায়। অনুষ্ঠানে ডেসকো, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার এট হোমের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ /প্রতিবেদক /এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স