ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৪:০৬:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৪:৩৯:০২ অপরাহ্ন
​পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ​ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে প্রদেশটিতে গভর্নরের শাসনও জারি করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হয়।

দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এর ফলে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত ওই প্রাদেশিক সরকারের সব কার্যক্রম কার্যত স্থগিত হয়ে গেল। এর মধ্য দিয়ে এখন প্রদেশটিতে গভর্নরের শাসন জারি হলো।

ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রদেশটির আইনশৃঙ্খলার অবনতি এবং সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এরপর সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির সুপারিশ করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে প্রাদেশিক সরকারের সরে যাওয়ার বিষয়টি মন্ত্রিসভা বিবেচনায় নিয়েছে। সরকারের ভাষ্য, প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ার প্রশাসনে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়ল। প্রদেশটির মুখ্য সচিব হিসেবে মুহাম্মদ ফখর আলম ইরফানকে নিয়োগ দেয়া হয়েছে বলে ডন জানিয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) খাইবার পাখতুনখাওয়ায় ক্ষমতায় রয়েছে। ইমরান খানের মুক্তির দাবিতে দলটির নেতাকর্মীরা ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করার মধ্যে কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্ত এলো।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ