মালয়েশিয়ার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১০-২০২৬ ০১:০৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৬ ০১:০৪:৩৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি জিপিএইচ ইস্পাত নিবেদিত আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে আরও একবার সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন।
হাফেজ ইহতেশামুল হক হীরা ‘আলোকিত কুরআন ২০২৬’-এর একজন শিক্ষার্থী। তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং আরটিভির দীর্ঘদিনের কুরআনভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ ‘আলোকিত কুরআন’-এর সাফল্যেরও এক উজ্জ্বল স্বীকৃতি।
এ উপলক্ষে কুরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, এই অর্জন বাংলাদেশের সকল কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। তিনি হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ, কুরআনের খেদমতে আরও সাফল্য এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
আরটিভির ‘আলোকিত কুরআন’ দীর্ঘদিন ধরে দেশব্যাপী প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের মঞ্চে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হাফেজ ইহতেশামুল হক হীরার এই ঐতিহাসিক সাফল্য সেই ধারাবাহিকতার আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স