টেকসই জ্বালানি নিয়ে জাতীয় প্রতিযোগিতা ‘স্ফুরণ’, নিবন্ধন শুরু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-১০-২০২৬ ১১:৫৫:২০ পূর্বাহ্ন
আপডেট সময় :
১১-১০-২০২৬ ১১:৫৫:২০ পূর্বাহ্ন
ফাইল ছবি
দেশের টেকসই জ্বালানি ভবিষ্যৎ গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যুৎ-জ্বালানি খাতের পেশাজীবীদের নিয়ে জাতীয় পর্যায়ের ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ: টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন সহযোগী, বিনিয়োগকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানের সামনে তা উপস্থাপনের সুযোগ পাবেন।
২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য অর্জনে নতুন ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (আরইএসপি) ২০২৬–২০৩০-এর লক্ষ্য অর্জনে অবদান রাখার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে ২০২৬ সালের ভিত্তিমান অনুযায়ী ১৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সহযোগিতায় প্রতিযোগিতাটি বাস্তবায়ন করছে জিআইজেড বাংলাদেশ। এতে সহায়তা দিচ্ছে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন।
প্রতিযোগিতায় দুটি বিভাগে ধারণা জমা দেওয়া যাবে। নবায়নযোগ্য জ্বালানি বিভাগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, গ্রিড আধুনিকায়ন, এনার্জি স্টোরেজ, দেশীয় সোলার প্যানেল ও ইনভার্টার উৎপাদন বৃদ্ধি, বায়ুবিদ্যুৎ, অ্যাগ্রিভোল্টাইকস এবং ভাসমান সৌরবিদ্যুতের মতো বিষয় নিয়ে ধারণা জমা দেওয়া যাবে।
অন্যদিকে, জ্বালানি দক্ষতা বিভাগে জ্বালানির ব্যবহার কমানোর উপায় নিয়ে ধারণা আহ্বান করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিভিত্তিক উদ্যোগ, পরিচ্ছন্ন রান্নার ব্যবস্থা, জ্বালানি ব্যবহারের দক্ষতা পর্যবেক্ষণে ডিজিটাল টুল, বিদ্যমান স্থাপনা ও যন্ত্রপাতির দক্ষতা বৃদ্ধি, আচরণগত পরিবর্তন এবং নীতিগত প্রস্তাবনা।
দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা দুজনের দল গঠন করে অংশ নিতে পারবেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে কর্মরত পেশাজীবীরা এককভাবে অংশ নিতে পারবেন। আবেদন যাচাইয়ের সময় অংশগ্রহণকারীদের পরিচয় ও যোগ্যতা পরীক্ষা করা হবে। অসত্য বা প্রতারণামূলক তথ্য পাওয়া গেলে প্রতিযোগিতার যেকোনো পর্যায়ে আবেদন বাতিল করা হতে পারে।
অংশ নিতে প্রতিযোগিতার ওয়েবসাইটে নিবন্ধনের পাশাপাশি একটি লিখিত কনসেপ্ট নোট এবং সর্বোচ্চ তিন মিনিটের পিচ ভিডিও জমা দিতে হবে। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত ধারণাগুলো বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর সামনে সরাসরি উপস্থাপনের সুযোগ পাবে।
আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ধারণা জমা দেওয়া যাবে। বিজয়ীদের ট্রফি, সনদ এবং শিক্ষা বা পেশাগত অগ্রযাত্রায় সহায়ক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি উন্নয়ন সহযোগী, বিনিয়োগকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানের সামনে নিজেদের ধারণা তুলে ধরার সুযোগ পাবেন বিজয়ীরা।
আগ্রহীরা [https://seideacontest2026.sreda.gov.bd/](https://seideacontest2026.sreda.gov.bd/) ওয়েবসাইটে নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতা সম্পর্কে নিয়মিত আপডেট পেতে অনুসরণ করুন #seideacontest2026।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স