লটারির প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা পেলেন হানিফ মিয়া
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১০-১০-২০২৬ ০৯:০৭:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১০-১০-২০২৬ ০৯:০৭:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) লটারি-২০২৬ এর প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা জিতে নিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া। এই টাকায় তিনি খামার গড়ে তুলতে চান।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিপিকেএস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।
বিপিকেএস জাতীয় লটারি প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. আলম কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএন ডিজঅ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন এবং বিপিকেএস প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আব্দুস সাত্তার দুলাল।
আব্দুস সাত্তার দুলাল বলেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বিপিকেএসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আয়োজকরা জানান, অর্থ মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী ২০% উৎস কর কেটে অবশিষ্ট অর্থ চেকের মাধ্যমে বিজয়ীদের দেওয়া হয়। এতে প্রথম পুরস্কার জিতে নেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের হানিফ মিয়া।
পুরস্কার পেয়ে হানিফ মিয়া বলেন, আমি একজন বেকার যুবক। ছোট একটি খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। পুরস্কারের এই টাকা দিয়ে এখন একটি বড় খামার গড়ে তুলে এলাকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবির, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা, ইমিনেন্ট জার্নালিস্ট অ্যান্ড গ্রীন ওয়াচের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সম্মিলিত সাংবাদিক পরিষদের সভাপতি গোলাম ফারুক মজনু প্রমুখ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স