ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-১০-২০২৬ ০১:৪৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৬ ০১:৪৬:১৯ অপরাহ্ন
মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি ফোকাস বাংলা নিউজ
চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, কম্পিউটারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ১৫ নম্বর  ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আড়াইটার দিকে খুন্তি দিয়ে ঘরের দরজা ভেঙে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা আলমারি তল্লাশি করে এবং নারীদের কান ও গলা থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। ডাকাতেরা ৬ ভরি স্বর্ণালঙ্কার, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওসি মহোদয়সহ আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ