ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীদের মহালয়ার শুভেচ্ছা দীনেশ ত্রিবেদীর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-১০-২০২৬ ১১:৩৮:০৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-১০-২০২৬ ১১:৪০:৫৭ পূর্বাহ্ন
দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীদের মহালয়ার শুভেচ্ছা দীনেশ ত্রিবেদীর ছবি : সংগৃহীত
মহালয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে পিতৃপক্ষের, সূচনা হয়েছে দেবীপক্ষের। চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বানের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা।

শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার আয়োজনে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে দুই বাংলার সনাতন ধর্মাবলম্বীদের মহালয়ার শুভেচ্ছা জানান তিনি।

এ সময় অসুরের বিনাশের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের আতিথেয়তার কথা স্মরণ করে তিনি বলেন, এই আতিথেয়তা চিরদিন মনে রাখবেন।

শনিবার ভোর ৬টা থেকে ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার মূল আনুষ্ঠানিকতা। সকাল ৭টা ৩০ মিনিটে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন রাখা হয়।

মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হওয়ায় দুর্গাপূজার প্রস্তুতিতে নতুন করে যোগ হয়েছে উৎসবের আমেজ। দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

মহানগর সর্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ