সুপেয় পানি: বৃহৎ প্রকল্প গ্রহণের পরিকল্পনা সরকারের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-১০-২০২৬ ০২:১৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১০-২০২৬ ০৩:২৫:৫২ অপরাহ্ন
ফাইল ছবি
সারাদেশের ১৮ কোটি মানুষের দোরগোড়ায় নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকা (২.১ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ের একটি সমন্বিত বৃহৎ প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে সরকার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটারএইডের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মন্ত্রী বলেন, ‘পানি মানুষের জীবনের জন্য অপরিহার্য হলেও দুষিত ও জীবাণুযুক্ত পানির কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। দেশের প্রতিটি নাগরিকের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ও চ্যালেঞ্জ।’
দেশের পানিসংকট ও পরিবেশগত বিপর্যয়ের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘উজানে পানির প্রবাহ বাধার মুখে পড়ায় আমাদের দেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। এর ফলে একদিকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে খরা ও মরুভূমিকরণের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে লবণাক্ত পানি ভেতরের দিকে চলে আসায় দক্ষিণাঞ্চলে সুপেয় পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে।’
বিদেশি সাহায্য ও গত ১৭ বছরের শাসনের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘অতীতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সংস্থা থেকে যথেষ্ট সহায়তা পাওয়া গেলেও দুর্নীতির কারণে তার সঠিক ব্যবহার হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার অপচয় ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। বিদেশি সংস্থাগুলোর সহযোগিতায় প্রস্তাবিত এই মেগা প্রকল্প স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স