বিদ্যুৎ বিলের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে মিটার রিডার উধাও
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৮-১০-২০২৬ ০১:২১:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-১০-২০২৬ ০১:২১:৫০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে ১০৬ জন গ্রাহকের বিদ্যুৎ বিলের প্রায় সাড়ে ৯ লাখ টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির এক মিটার রিডার।
অভিযুক্তের নাম মো. গোলাম কাদের (৩২)। তিনি ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘মিটার রিডার কাম মেসেঞ্জার’ পদে কর্মরত ছিলেন। তিনি ভোলা সদর উপজেলার ধনিয়া গ্রামের মৃত ছালে আহাম্মদ মাতবরের ছেলে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) মো. গোলজার হোসেন বাদী হয়ে ওই মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার বোচাপুকুর এলাকার ১০৬ জন গ্রাহকের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে বিলের কাগজে স্বাক্ষর দিয়ে বকেয়া আদায় করেন গোলাম কাদের।
আদায় করা মোট ৯ লাখ ৬৭ হাজার ৬২৮ টাকা সমিতিতে জমা না দিয়ে মিটার রিডার কাম মেসেঞ্জার গোলাম কাদের আত্মসাৎ করেন। তারপর থেকে গত ২৭ আগস্ট থেকে তিনি কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন এবং মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।
এদিকে বকেয়ার কারণে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ গেলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে ২৩ সেপ্টেম্বর পল্লী বিদ্যুৎ সমিতি একটি তদন্ত কমিটি গঠন করে এবং প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা মেলে।
ভুক্তভোগী বোচাপুকুর এলাকার গ্রাহক মহসিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত প্রতি মাসের বিল পরিশোধ করেছি। এখন সমিতির লোকজন বলছে ৬ মাসের বিল জমা হয়নি, বকেয়া ৩৫ হাজার টাকা। আমরা সাধারণ মানুষ, এত টাকা এখন কোথায় পাব?
একই এলাকার আকবর আলী বলেন, কাগজে সই করে টাকা নিয়ে গেল। এখন নোটিশ আসছে ৮ মাসের বিল বাকি, লাইন কাটতে আসছে। আমরা তো টাকা দিয়েছি, নতুন করে আর টাকা দেওয়া সম্ভব না।
গৃহবধূ বিলকিস আক্তার জানান, বাড়িতে এসে টাকা নিয়ে সই করে গেলেও এখন তার ৭ মাসের ২৬ হাজার টাকা বকেয়া দেখানো হচ্ছে। তিনি তো ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী। আমরা তাকে বিশ্বাস করে টাকা দিয়েছি।
মামলার বাদী মো. গোলজার হোসেন জানান, গ্রাহকদের সরলতার সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ ও পালিয়ে যাওয়ায় সমিতির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এ কারণেই অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, দণ্ডবিধির ৪০৮ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত গোলাম কাদের বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স