ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জসীম পল্লী মেলা চালুর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০২:৫৮:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০২:৫৮:৪৪ অপরাহ্ন
জসীম পল্লী মেলা চালুর দাবিতে মানববন্ধন ছবি : সংগৃহীত
ফরিদপুরের ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অ্যাডভোকেট বশির আহমেদ চৌধুরী, তৌহিদুল ইসলাম স্টালিন, মেহেদী হাসান মিঠু, বাউল শিল্পী পাগলা বাবলু, পলাশ খান, মাহফুজ খান বাদল, আনিসুর রহমান ও শামীমা বেগম।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, গত চার বছর ধরে জসীম পল্লী মেলা বন্ধ থাকায় ফরিদপুরের সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। জসীম পল্লী মেলা শুধু ফরিদপুরের নয়, এটি সমগ্র বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই মেলাকে কেন্দ্র করে প্রতিবছর সর্বস্তরের সংস্কৃতিসেবীদের মিলন-মেলা ঘটে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের পণ্য ও হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি হয়, যা ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে।

বক্তারা আগামী ১ জানুয়ারি থেকে পক্ষকাল ব্যাপী জসীম পল্লী মেলা পুনরায় নিয়মিত আয়োজনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।


সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান বিভিন্ন সংগঠনের নেতারা। পরে তারা জেলা প্রশাসকের হাতে মেলা পুনরায় চালু করার দাবিতে স্মারকলিপি তুলে দেন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ