নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’, পেল সংবর্ধনা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-১০-২০২৬ ০৬:০৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-১০-২০২৬ ০৬:০৫:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকার মানিকগঞ্জ জেলার বেউথা কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রামের মায়ের দোয়া নৌকাটিকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসক অন্নপূর্না দেবনাথের নির্দেশে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান এ সংবর্ধনা প্রদান করেন।
মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে শনিবার (৩ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচের উদ্বোধন করেন।
এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২২টি নৌকা অংশ নেয়। এর মধ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রামের মায়ের দোয়া নামের নৌকাটি ১ কিলোমিটার ব্যবধানে প্রতিযোগিতার অন্যান্য নৌকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বিজয়ী মায়ের দোয়া নৌকাকে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি মোটর সাইকেল পুরস্কার দেন। প্রথমবারের মতো নৌকাবাইচে মায়ের দোয়া নৌকাটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নৈপুণ্য দেখিয়ে গৌরব অর্জন করে। এতে রংপুর বিভাগের তথা কুড়িগ্রাম জেলার গৌরব উজ্জ্বল করায় এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক অন্নপূর্না দেবনাথের নির্দেশে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে নৌকাবাইচে অংশগ্রহণ করা প্রত্যেক সদস্য ও পরিচালকদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কাদের সরকার, উপজেলা জামায়াতে আমির সাবেক অধ্যক্ষ হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরোসহ সাংবাদিকরা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স