ঢাকার দুই কোটি মানুষেরই নেই নিজস্ব মাথা গোঁজার ঠাঁই!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৫-১০-২০২৬ ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-১০-২০২৬ ১২:০৯:৫২ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীতে বসবাসকারী বিপুলসংখ্যক মানুষেরই নেই নিজস্ব আবাসন। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ঢাকার জনসংখ্যা আড়াই কোটি হলে সর্বোচ্চ ৫০ লাখ মানুষের নিজস্ব আবাসন রয়েছে। সে হিসাবে বাকি দুই কোটি মানুষকে ভাড়া বাসায় থাকতে হয়। তাদের আয়ের প্রায় অর্ধেকই চলে যায় বাসা ভাড়ার পেছনে। নিম্ন আয়ের মানুষের একটি অংশের ঠাঁই হয় বস্তি কিংবা বসবাসের অনুপযোগী ছোট কক্ষে।
রাজধানীর পূর্ব কাজীপাড়ার মাদবর পুকুরপাড়ে ভাড়া বাসায় থাকেন একটি নামি করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা জাকির হোসেন। ২৬ বছর ধরে চাকরি করছেন তিনি। কর্মস্থলের নিয়ম অনুযায়ী আর চার বছর পর অবসরে যেতে হবে। অথচ দীর্ঘ কর্মজীবনেও ঢাকায় বাড়ি করার জন্য জমি কেনা কিংবা একটি ফ্ল্যাট কেনার সামর্থ্য হয়নি তার।
হতাশা প্রকাশ করে জাকির হোসেন জানান, একসময় রাজধানীতে নিজের একটি ফ্ল্যাট কিংবা শহরতলিতে স্বপ্নের ঠিকানা গড়ার স্বপ্ন দেখতেন। এখন আর সেই স্বপ্ন দেখেন না। তিনি বলেন, ‘যা বেতন পাই, তা দিয়ে সংসার মোটামুটি চলে। অতিরিক্ত কিছু করার মতো টাকা হাতে থাকে না। ছেলেমেয়ের লেখাপড়া, অসুস্থ মায়ের ওষুধপত্র ও পরিবারের পেছনেই সব ব্যয় হয়ে যায়।’
জাকির হোসেনের মতো এমন বাস্তবতার মুখোমুখি ঢাকায় বসবাসকারী বহু মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত কর্মজীবী মানুষ। নিম্ন আয়ের মানুষের অবস্থা আরও করুণ। তাদের একটি অংশের ঠাঁই হয় বস্তি কিংবা বসবাসের অনুপযোগী ছোট কক্ষে।
এমন বাস্তবতায় আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৬। ১৯৮৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। ১৯৮৬ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার দিবসটি পালিত হয়ে আসছে।
এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’। দিবসটি পালনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবসটি উপলক্ষে রোববার বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেছেন, সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিত এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, নগরগুলো শুধু নাগরিক সুবিধাসম্পন্ন মানুষের বসবাসের স্থান নয়। বিশ্বজুড়েই নগরগুলো কর্মসংস্থান, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও উদ্ভাবনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। তাই পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণ টেকসই উন্নয়নের পূর্বশর্ত।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে শেরেবাংলা নগর এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনের আবাসন মেলা।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ড. আলী আফজাল বলেন, আবাসন সংকট সমাধানে সরকারি ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। প্রথমত, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য বিশেষ আবাসন অর্থায়ন ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে দীর্ঘ মেয়াদে কম সুদে ঋণ পাওয়া যায়। দ্বিতীয়ত, অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে হবে।
তিনি বলেন, আবাসন খাতের ওপর কর ও ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। সরকার চাইলে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে রাজধানীসহ দেশের সব জেলা শহরে সাশ্রয়ী আবাসন প্রকল্প হাতে নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নীতিতে স্থিতিশীলতা থাকতে হবে। উদ্যোক্তারা যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগের নিশ্চয়তা পান, তাহলে তারা আরও বেশি আবাসন তৈরি করতে পারবেন। এতে অনেকেরই নিজস্ব বাসস্থান হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রিহ্যাবসহ আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলবায়ু পরিবর্তন, নদীভাঙনসহ বিভিন্ন কারণে রাজধানীতে মানুষের সংখ্যা বাড়ছে। তবে সবার মাথা গোঁজার ঠাঁই রাজধানীতে হচ্ছে না। তারা বস্তি, ফুটপাত, বাস-লঞ্চ-ট্রেনস্টেশনেও রাত কাটাচ্ছেন।
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক ও নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, রাজধানীতে কিছু মানুষ ভাড়া বাসায় থাকবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ঢাকায় নিজস্ব আবাসন ও ভাড়া বাসায় বসবাসের মধ্যে ভারসাম্যহীনতা অত্যন্ত প্রকট। এখানে ৭০ শতাংশের বেশি মানুষের নিজস্ব বাসস্থান নেই। তাদের মধ্যে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তের পাশাপাশি রয়েছেন বস্তিবাসীও।
ড. আদিল মুহাম্মদ খান বলেন, এসব মানুষের পক্ষে নিজস্ব আবাসনের ব্যবস্থা করা কঠিন। তাদের আয়ের ৪০ থেকে ৫০ শতাংশই আবাসন খাতে ব্যয় হয়। ফলে যুগের পর যুগ তারা নিজস্ব আবাসনের বাইরে থেকে যাচ্ছেন। এ পরিস্থিতির অন্যতম কারণ সরকারের যথাযথ আবাসন নীতির ঘাটতি।
সবার জন্য বাসস্থান নিশ্চিত করার বিষয়ে সরকারের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের বিভিন্ন উদ্যোগের একটি তালিকা সরবরাহ করা হয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে উচ্চ, মধ্যম ও স্বল্প আয়ের মানুষের জন্য ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আবাসিক প্লট তৈরি করে বরাদ্দ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের পাশাপাশি স্বল্প খরচে টেকসই ঘর তৈরির কলাকৌশল ও প্রযুক্তি উদ্ভাবন এবং তা বিপণনের উদ্যোগও রয়েছে। গৃহহীন মানুষের পুনর্বাসনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য বলছে, তিন হাজার ৫১৩ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ৪৪টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এর মধ্যে রয়েছে মিরপুরের ৯ নম্বর সেকশনে ১৫টি ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ প্রকল্প। এ ছাড়া ময়মনসিংহে মধ্যম আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং নোয়াখালীর মাইজদী ও হবিগঞ্জে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাইট অ্যান্ড সার্ভিসেস আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পের কাজ চলছে।
সূত্র: সমকাল
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স