ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইনুর সাজা বাড়াতে এ সপ্তাহে আপিল: প্রসিকিউটর তামিম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৩:১২:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৩:১২:৪২ অপরাহ্ন
ইনুর সাজা বাড়াতে এ সপ্তাহে আপিল: প্রসিকিউটর তামিম ফাইল ছবি
চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে এ সপ্তাহে আপিল করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, হাসানুল হক ইনুকে যে সাজা দেওয়া হয়েছে, তা বাড়াতে এ সপ্তাহে সুপ্রিম কোর্টে আপিল করা হবে।

গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে এই মামলার দু’টি চার্জে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে তার প্রতি নির্দেশ দেওয়া হয়।

এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর ওমর ফারুক শুনানি করেন। অন্যদিকে হাসানুল হক ইনুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযোগ আনা হয়।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ