ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​ঢাকায় শনিবার শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৫:৩৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৫:৩৬:৪৩ অপরাহ্ন
​ঢাকায় শনিবার শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ ​ছবি: সংগৃহীত
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে আগামীকাল শনিবার (৩ অক্টোবর) ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।

পঞ্চমবারের মতো আয়োজিত এই সম্মেলনে শতাধিক দেশের দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, নীতিনির্ধারক, কূটনীতিক, নিরাপত্তা বিশেষজ্ঞ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংবাদিক ও তরুণ নেতারা অংশ নেবেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স অ্যান্ড ফিউচারস: ন্যাভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’।

বঙ্গোপসাগর, ইন্দো-প্যাসিফিক ও আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন, ভূরাজনৈতিক প্রতিযোগিতা, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক পুনর্বিন্যাস, জলবায়ু চ্যালেঞ্জ এবং আস্থা ও শাসনব্যবস্থার মতো বিষয় এবারের সম্মেলনে আলোচনায় গুরুত্ব পাবে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে এবারের সম্মেলনের ঘোষণা দেন।

তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে এই অঞ্চলকে ঘিরে তৈরি হওয়া সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজা সম্মেলনের অন্যতম লক্ষ্য।

জিল্লুর রহমান বলেন, এবারের সম্মেলনে ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, আধ্যাত্মিকতা ও মানবিকতার মতো বিষয় গুরুত্ব পাবে। সিজিএস ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং ভবিষ্যতে ব্রাসেলস ও দুবাইয়েও কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, বে অব বেঙ্গল কনভারসেশন দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারিভাবে আয়োজিত আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন। সময়ের সঙ্গে সম্মেলনের পরিসর বেড়েছে এবং কঠিন ও সংবেদনশীল বিষয়গুলো আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এবারের সম্মেলনে বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে। এসব সংলাপে অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিজিএসের পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনের বিষয়বস্তু, সময়সূচি ও আলোচকদের তালিকা সম্বলিত বুকলেট বিওবিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ