ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরে ১৬ এমপিএ চাপে ভাল্বের পরীক্ষা সফল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-১০-২০২৬ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৬ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন
রূপপুরে ১৬ এমপিএ চাপে ভাল্বের পরীক্ষা সফল ফাইল ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রেসার অপারেটেড রিলিফ ভাল্বের (পিওআরভি/পিওএসভি) ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে শেষ হওয়া এ পরীক্ষা ইউনিটটির কমিশনিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

এনপিসিবিএল জানায়, মঙ্গলবার রাতে পরীক্ষা শুরু হয়। মেইন কন্ট্রোল রুম (এমসিআর) ও ইমার্জেন্সি কন্ট্রোল রুম (ইসিআর) থেকে পরীক্ষা পরিচালনা করা হয়। এ সময় প্রকৌশলীরা কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করেন। পরে সংশ্লিষ্ট মেইন সেফটি ভাল্বের (এমএসভি) কার্যকারিতা ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।

পরীক্ষার সময় ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যকারিতা, প্রতিক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্যারামিটার পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও নিরাপত্তা শর্ত মেনেই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানায় এনপিসিবিএল।

কর্মকর্তারা বলেন, চুল্লির প্রাইমারি সার্কিটে নিরাপদ চাপ বজায় রাখতে পিওআরভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কমিশনিংয়ের প্রতিটি ধাপে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এনপিসিবিএল জানায়, পরবর্তী ধাপে প্রায় ১৮ এমপিএ চাপে পরীক্ষা চালানো হবে। প্রতিটি ধাপ যাচাই করে পরবর্তী কার্যক্রমে এগোবে কমিশনিং দল।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ