টানা তিন দফায় কমার পর বাড়ল স্বর্ণের দাম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৯-২০২৬ ১১:২৪:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় :
৩০-০৯-২০২৬ ১১:২৪:৩১ পূর্বাহ্ন
ফাইল ছবি
টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের গহনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়। এরপর ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার ১৫৮ টাকা এবং ২৯ সেপ্টেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। অর্থাৎ তিন দফায় মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছিল স্বর্ণের দাম।
তবে টানা তিন দফা কমানোর পর আজ আবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হলো। ফলে ২৯ সেপ্টেম্বর নির্ধারিত ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা থেকে বেড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম এখন ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এদিকে স্বর্ণের গহনার দাম বাড়লেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স