ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন তানজিন তিশা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৩:৫৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৪:০০:৩৬ অপরাহ্ন
জামিন পেলেন তানজিন তিশা ​ছবি: সংগৃহীত
২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। একই আদালতে এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল।

এর আগে ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তিশা। এর আগে ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাঁকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ ওঠে তানজিন তিশার বিরুদ্ধে। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি। পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

এর আগে ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণের পর তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে সেদিনও আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর তানজিন তিশা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা প্রতারণা করেননি। মামলায় একাধিক মিথ্যা তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিশা আরও অভিযোগ করেন, বাদী তাঁর স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন এবং তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে বাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ