মার্কিন পারমাণবিক চুক্তির কোনো প্রভাব রূপপুরে পড়বে না
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-০৯-২০২৬ ০২:৫৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৯-২০২৬ ০২:৫৭:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারসংক্রান্ত চুক্তি করলেও তার কোনো নেতিবাচক প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পড়বে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বাংলাদেশ তার জাতীয় স্বার্থ বজায় রেখে রাশিয়া, চীন, ভারত ও তুরস্কসহ সব দেশের সঙ্গে সমানভাবে সম্পর্ক রক্ষা করে চলবে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন এই মার্কিন চুক্তির প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, "আমি মনে করি না পড়বে।"
দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশ মাত্র পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতে দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় পারমাণবিক বিদ্যুৎ নিয়ে বিভিন্ন বিকল্প খোলা রাখা প্রয়োজন। বাংলাদেশ ভবিষ্যতে আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করবে কি না, সে বিষয়টিও এখনই বন্ধ করে দেওয়ার মতো নয়।"
এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তার নানা দিক ব্যাখ্যা করে তথ্য উপদেষ্টা বলেন, "পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে শুধু কেন্দ্র নির্মাণ নয়, জ্বালানি সরবরাহ, প্রকৌশলী ও সংশ্লিষ্ট জনবলের প্রশিক্ষণসহ অনেকগুলো বিষয় একসঙ্গে বিবেচনা করতে হয়। এসব বিষয়ে প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ও সহযোগিতা হতে পারে।"
ভূরাজনৈতিক ভারসাম্যের উদাহরণ দিয়ে তিনি আরও যোগ করেন, "বাংলাদেশ এই একটা কাজ শুরু থেকে করেছে, আপনি এটাও খেয়াল করবেন আমেরিকার সঙ্গে রাশিয়ার সংকট ছিল, সমস্যা ছিল। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন।"
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান স্পষ্ট জানান, "বাংলাদেশ তার স্বার্থে যেখানে যেখানে প্রয়োজন, চায়নার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, এই যে রাশিয়ার কথা বললাম, টার্কি যার যার সঙ্গে প্রয়োজন বাংলাদেশ তার এনগেজমেন্ট তার সঙ্গে করবে। এটা নিয়ে কোনো সমস্যা হবে বলে আমি আসলে মনে করি না।"
ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, ওই বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ইউরেনিয়াম আসবে এবং সরবরাহে কোনো বিলম্ব হবে না বলেই সরকারের জানা আছে।
পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে অন্য কোনো পথে তা আনা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত তথ্য না থাকায় এ নিয়ে সরকারের পক্ষ থেকে নতুন কিছু বলার নেই বলে তিনি উল্লেখ করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স