ইতিহাসের বিরল রেকর্ড এক দিনে ছয় সেঞ্চুরি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-০৯-২০২৬ ১১:১৭:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৯-২০২৬ ১১:১৭:৫৮ পূর্বাহ্ন
ফাইল ছবি
এক দিন, তিন ম্যাচ, ছয় সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর তাই জায়গা করে নিল ক্রিকেটের রেকর্ড বইয়ে। ভারত–ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড–শ্রীলঙ্কার ওয়ানডেতে ছয় ব্যাটার তুলে নিয়েছেন সেঞ্চুরি। একই দিনে তিনটি ওয়ানডে মিলিয়ে ছয়টি শতক, আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে যা নতুন রেকর্ড।
রোববার ব্যাট হাতে দারুণ একটি দিন কাটিয়েছে কোহলই, গিল ও মিলাররা। তিরুবনন্তপুরম, জোহানেসবার্গ ও লন্ডনের দ্য ওভালে হওয়া তিন ম্যাচেই দেখা গেছে শতকের উৎসব। বিরাট কোহলি, শুবমান গিল, জাস্টিন গ্রিভস, টেম্বা বাভুমা, ডেভিড মিলার ও টম ব্যান্টন, এই ছয় ব্যাটারই পেয়েছেন তিন অঙ্কের দেখা।
এর মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এসেছে ভারত–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শতক করেন জাস্টিন গ্রিভস। জবাব দিতে নেমে শুবমান গিল ও বিরাট কোহলির ব্যাটে ম্যাচটি একতরফা করে ফেলে ভারত। গিলের ব্যাট থেকে আসে ১১০ রান, আর কোহলি ১৩৯ রানে অপরাজিত থেকে ভারতকে ৮ উইকেটের জয় এনে দেন।
কোহলির ইনিংসটি অবশ্য শুধু জয়ের জন্যই আলাদা হয়ে থাকেনি। ওয়ানডেতে এটি তার ৫৫তম সেঞ্চুরি। একই ইনিংসে তিনি পূর্ণ করেছেন ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকও।
জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে দেখা যায় দুই সেঞ্চুরি। অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে তিন অঙ্কের ঘরে নাম লেখান অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার। তাদের বড় ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা।
দিনের শেষ ম্যাচে দ্য ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে শতক তুলে নেন টম ব্যান্টন। ওয়ানডেতে এটি ছিল তার প্রথম সেঞ্চুরি। ১২৬ রানের দারুণ ইনিংসে ইংল্যান্ডের বড় সংগ্রহ গড়ার ভিত তৈরি করে দেন তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩৫৫ রান করে শ্রীলঙ্কাকে হারায় ২২৩ রানের বিশাল ব্যবধানে এবং ২–১ ব্যবধানে সিরিজও জিতে নেয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স