ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​অস্কারের ৯৯তম আসরে 'রইদ' বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:৪৮:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:৪৯:৫৬ অপরাহ্ন
​অস্কারের ৯৯তম আসরে 'রইদ' বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ​ছবি: সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (অস্কার)-এর ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র 'রইদ'। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) পরিচালিত 'অস্কার বাংলাদেশ কমিটি' আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম চূড়ান্ত করেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএস-এর সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম চূড়ান্ত প্রার্থী হিসেবে 'রইদ'-এর নাম ঘোষণা করেন।

অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ জানান, আন্তর্জাতিক এই আসরে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ছাড়া অন্য ছবিগুলো ছিল–রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

পরবর্তী সময়ে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। বাকি চারটি চলচ্চিত্রের সার্বিক দিক বিবেচনা, গুণগত বিশ্লেষণ ও সিলেকশন কমিটির সর্বসম্মত বিচারে অস্কারের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য ‘রইদ’ ছবিটিকে চূড়ান্ত করা হয়।

অস্কার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে বিজয়ী চলচ্চিত্রের পরিচালক, প্রযোজকসহ পুরো কলাকুশলী দলকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। অস্কারের আসন্ন আসরে চলচ্চিত্রটি বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, জীবনবোধ ও স্বাধীন চলচ্চিত্রশিল্পকে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ