ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​২ অক্টোবর থেকে ফের আন্দোলনে নামবে ককরোচ পার্টি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৫:০৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৫:০৫:১১ অপরাহ্ন
​২ অক্টোবর থেকে ফের আন্দোলনে নামবে ককরোচ পার্টি ​ছবি: সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দলটির নেতা অভিজিৎ দীপকে এ কর্মসূচির কথা জানান।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জ্ঞানেশ কুমারকে পদ ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল সিজেপি। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আন্দোলন শুরুর কথা জানানো হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দীপকে বলেন, শনিবারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ২ অক্টোবর মুম্বাই থেকে আন্দোলন শুরু করবে সিজেপি। পরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহরে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। গান্ধীজয়ন্তীতে গণতন্ত্র রক্ষার জন্য জনগণকে শপথ নেওয়ার আহ্বান জানান সিজেপি নেতা।

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপি এবং নাগরিকদের ভোটাধিকার ক্ষুণ্ন করার অভিযোগ আনেন। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে ভারতের নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনেও ভোট কারচুপির ঘটনা ঘটেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ