নরসিংদীতে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত দুই
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৯-২০২৬ ০৩:৩৮:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৯-২০২৬ ০৫:২৫:১৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়া এলাকার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৯টার দিকে পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে সিএনজিটি একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সিএনজির যাত্রী নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং সিএনজি চালককে হেফাজতে নেয়।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স