ঈদগাহের জমি দখল নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৯-২০২৬ ০৩:৩০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৯-২০২৬ ০৩:৩০:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখল নিয়ে পাছলাড়ুয়া ও নতুনবস্তি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া নিয়ে একে অপরের ওপর হামলার অভিযোগ ওঠে।
সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সিংড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও দুই গ্রামের মধ্যে বিরোধের কারণে এলাকায় নজরদারি করছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স