গোলটেবিল আলোচনায় বক্তারা
নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা জরুরি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-০৯-২০২৬ ০৪:১৬:২১ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৯-২০২৬ ০৪:১৬:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন আইনপ্রণেতা ও বিশেষজ্ঞরা। তাঁরা মৎস্য অভয়াশ্রম ও প্রজননক্ষেত্রের সুরক্ষায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত বিরুপ প্রভাব বিবেচনায় নিয়ে মৎস্য খাতের বিভিন্ন পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
সৌরবিদ্যুৎ জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি মৎস্যসম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ সকল মতামত তুলে ধরেন তারা। ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের আওতায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিআরডিএফ) এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ ৪২টি নাগরিক ও সামাজিক সংগঠন আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। আরো বক্তৃতা করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনিসুর রহমান, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সাবেক জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য ইকবাল ফারুক, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, সচেতন সংস্থার সভাপতি সাকিলা পারভীন, সুশীলনের ডেপুটি টিম লিডার আবু নওশের আলী সুমন, তরুণ জলবায়ু যোদ্ধা ইশতিয়াক উদ্দিন অর্ক প্রমূখ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। প্রবন্ধে তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মৎস্য খাতকেও এই লক্ষ্যমাত্রার অংশীদার করার সুযোগ রয়েছে। মৎস্য খাতের বিভিন্ন পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রস্তাবে হ্যাচারিতে সৌরচালিত পানি সঞ্চালন ও এয়ারেটর, পুকুর ও ঘেরে সৌর প্যানেল, বরফকল ও হিমাগারে সৌরবিদ্যুৎ এবং মাছ প্রক্রিয়াজাতকরণে সৌর ড্রায়ার ব্যবহারের করা যেতে পারে। জেলেপাড়ায় সৌর মিনি-গ্রিড স্থাপন করে আলো, মোবাইল চার্জিং, জাল তৈরির কাজ ও ঘাটে নিরাপত্তা-আলো নিশ্চিত করার সম্ভব।
রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনার কথাও তুলে ধরে মূল প্রবন্ধে বলা হয়েছে, সেখানে ৯১৮.৪ একর খালি জমিতে ৪৪২ থেকে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব করেছে সরকার। একই মডেল পায়রা, পটুয়াখালী ও তালতলীতেও প্রয়োগ করে ‘কয়লা থেকে নবায়নযোগ্য’ জ্বালানিতে রূপান্তরের একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় বিদ্যুৎ চাহিদার অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণে নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ছাদের ওপর সোলার প্যানেল স্থাপন এবং সোলার ইরিগেশন বা সৌর সেচ কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য খাস জমি বরাদ্দ এবং ব্যাটারি স্টোরেজ উন্নয়নের কাজ চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকারগুলো কাজ শুরু করেছে। এ বিষয়ে মৎস্য খাতেও প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশেষ অতিথি সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেন, শুধু নবায়নযোগ্য জ্বালানি নয়, জলবায়ুর বিরূপ প্রভাব কিভাবে মোকাবেলা করা যায়, তা নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ সংক্রান্ত ৫ দফা প্রস্তাব তুলে ধরেছেন। সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ সমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে।
প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। এ বিষয়ে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপ বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। প্রয়োজনে উন্নত দেশগুলোর ন্যায় 'সোলার এনার্জি কর্পোরেশন' করার আহ্বান জানান তিনি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স