৯৯৯-এ ফোন, ১৫ মিনিটে চোরসহ বাইক উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৯-২০২৬ ০৩:৫৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৯-২০২৬ ০৩:৫৯:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর ডেমরা থেকে চুরি হওয়া মোটরসাইকেল জিপিএসের অবস্থান শনাক্ত করে কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থেকে মাত্র ১৫ মিনিটে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেও ধরা পড়েছেন সাব্বির (২৪) নামে এক যুবক।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ডেমরা থানাধীন ইসলামবাগ পশ্চিমপাড়া থেকে মো. লিটন নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার এফজেড ফেজার মোটরসাইকেলটি চুরি হয়েছে।
মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৫১-৫৭১৩। এতে থাকা জিপিএস যন্ত্রের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছিলেন, মোটরসাইকেলটি কুমিল্লার দাউদকান্দি হয়ে চট্টগ্রামমুখী মহাসড়কে চলছে।
৯৯৯-এ ফোন পাওয়ার পর বিষয়টি দ্রুত কুমিল্লা হাইওয়ে নিয়ন্ত্রণকক্ষে জানানো হয়। পরে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের একটি দল মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করে। তবে চালক ব্যারিকেড অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে হাইওয়ে পুলিশ ধাওয়া করে শহীদনগর এলাকায় মোটরসাইকেলটি আটক করে এবং সাব্বিরকে গ্রেফতার করে। তার বাবার নাম মানিক মিয়া স্বর্ণকার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার আয়ুবপুর দাসকান্দি গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল হারুনুর রশিদ ফোনটি গ্রহণ করেন। পরে ৯৯৯ ডিসপাচার এএসআই আব্দুস শহীদ হাইওয়ে পুলিশের সঙ্গে উদ্ধার তৎপরতা সমন্বয় করেন। অভিযানে নেতৃত্ব দেওয়া দাউদকান্দি হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম ৯৯৯-কে মোটরসাইকেল উদ্ধার ও একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স