বিশ্ববাজারে অস্থিরতার মধ্যেই পাকিস্তানে কমলো জ্বালানি তেলের দাম
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৩-০৯-২০২৬ ০২:৫০:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৯-২০২৬ ০২:৫০:৪৩ অপরাহ্ন
ফাইল ছবি
বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতার মধ্যেই পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে পাকিস্তান। বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে প্রতি লিটার পেট্রোলের দাম ১ দশমিক ৭০ পাকিস্তানি রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৩ দশমিক ১২ রুপি কমেছে।
সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, নতুন দামে হাই-স্পিড ডিজেল প্রতি লিটার ৪১৮ দশমিক ৯৬ রুপিতে বিক্রি হবে। আগে এর দাম ছিল ৪২২ দশমিক ০৮ রুপি। অন্যদিকে পেট্রোলের দাম কমে হয়েছে প্রতি লিটার ৩৯২ দশমিক ০৫ রুপি। আগে যা ছিল ৩৯৩ দশমিক ৭৫ রুপি।
পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে, সরকারের পেট্রোলিয়াম মূল্য নির্ধারণ ব্যবস্থার আওতায় তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওগ্রা) জ্বালানির নতুন দাম নির্ধারণ করেছে। পেট্রোলিয়াম বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানির সংশোধিত দাম ২৩ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে।
এছাড়া স্বচ্ছতা বাড়াতে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামের পরিবর্তনের প্রভাব দ্রুত ভোক্তাদের জানাতে ওগ্রা তাদের ওয়েবসাইটে প্রতিদিনের পেট্রোলিয়াম পণ্যের দাম প্রকাশ করাও শুরু করেছে।
পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, আন্তর্জাতিক বাজারের দামের সাত দিনের গড়ের ভিত্তিতে প্রতিদিনের জ্বালানির দাম নির্ধারণ করা হচ্ছে। এটি আন্তর্জাতিক রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
মূলত মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যে সরকার প্রতিদিন জ্বালানির দাম পর্যালোচনার সিদ্ধান্ত নেয়।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর সরকার সাপ্তাহিক ভিত্তিতে জ্বালানির দাম পর্যালোচনার ব্যবস্থা চালু করেছিল। ওই দিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে জুনে যুদ্ধবিরতি হলেও পরে তা ভেঙে যায় এবং এরপর উত্তেজনা আরও বেড়েছে। এতে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহও ব্যাহত হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে পাকিস্তানে প্রতি দুই সপ্তাহ পরপর জ্বালানির দাম সংশোধন করা হতো।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স