ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​‘মাইসা’য় অ্যাকশন চরিত্রে রশ্মিকা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৩:৫১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৩:৫১:০৬ অপরাহ্ন
​‘মাইসা’য় অ্যাকশন চরিত্রে রশ্মিকা ​ছবি: সংগৃহীত
রোমান্টিক ও গ্ল্যামারাস চরিত্রের বাইরে এবার পুরোপুরি অ্যাকশন অবতারে হাজির হচ্ছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তার আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। টিজারে রশ্মিকাকে দেখা গেছে দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্যে, যেখানে দুর্দান্ত সব কায়দায় লড়াই করছেন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত টিজারের শুরুতে রশ্মিকার চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমি ক্লান্ত, থেমে গেছি, হেরে গেছি।’ এরপরই বদলে যায় দৃশ্যপট। প্রতিকূলতার কাছে হার না মেনে লড়াই চালিয়ে যাওয়ার এক নারীর গল্প তুলে ধরা হয়েছে টিজারে।

সিনেমায় রশ্মিকা একজন গোন্ড আদিবাসী নারীর চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, চরিত্রটির জন্য তাকে কঠোর শারীরিক প্রস্তুতি নিতে হয়েছে। শুটিংয়ের সময় একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে আহতও হন অভিনেত্রী। রশ্মিকা জানিয়েছেন, ওই সময় তার টেনডন ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর ব্যথা হয়েছিল।

টিজারে কাস্তে হাতে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে দেখা যায় তাকে। কখনো প্রতিপক্ষের অঙ্গ কেটে ফেলছেন, আবার কখনো ঘাড়ে আঘাত করছেন। মোটরসাইকেল চালানোর পাশাপাশি পানির নিচেও শত্রুদের সঙ্গে লড়াই করতে দেখা গেছে তাকে।

রশ্মিকার নতুন এই রূপ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে অনেকেই গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে অভিনেত্রীর অভিনয় ও অ্যাকশন দক্ষতার প্রশংসা করেছেন। কেউ কেউ সিনেমাটিকে সম্ভাব্য ব্লকবাস্টার হিসেবেও উল্লেখ করেছেন।

‘মাইসা’ পরিচালনা করেছেন নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে। সিনেমাটিতে রশ্মিকার সঙ্গে অভিনয় করেছেন এশ্বরী রাও, গুরু সোমসুন্দরম, রাও রমেশ, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং।

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন শ্রেয়াস কে কৃষ্ণ। সংগীত পরিচালনায় রয়েছেন জেকস বিজয়। অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাকশন পরিচালক অ্যান্ডি লং।

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘মাইসা’র। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম এই পাঁচ ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ