বগুড়ার শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিশুকে জিম্মি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-০৯-২০২৬ ০২:১৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০৯-২০২৬ ০২:১৭:৩৬ অপরাহ্ন
প্রতীকী ছবি। সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলায় স্কুল থেকে নয়জন শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। খবর পেয়ে স্বজনরা গিয়ে অপহৃত শিশুদের উদ্ধার করেছেন। এ ঘটনায় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী শিশুরা হলো মামুন (১২), ওমর ফারুক (১২), সীমান্ত (১১), হান্নান (১৩), সুমন (১২), সাব্বির (১২), সিয়াম (১১), ফয়সাল (১৩) ও রিফাত (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশুগুলো মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয় মহিপুর পিসি ভাড়াটা এলাকার মুকুল হোসেনের ছেলে মোতালেবসহ কয়েকজন শিশুগুলোকে জোরপূর্বক একটি ইজিবাইকে (অটো) তুলে নিয়ে ৯ মাইল এলাকায় যায়। সেখানে তাদের জিম্মি করে রাখা হয়। দুপুর ৩টার দিকে রিফাত নামের এক শিশু শৌচাগারে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে বাড়িতে চলে আসে এবং স্বজনদের বিষয়টি জানায়। পরবর্তীতে পরিবারের লোকজন গিয়ে জিম্মিদশা থেকে সব শিশুকে উদ্ধার করেন।
ভুক্তভোগী এক শিশুর মা ফেন্সি বেগম বলেন, ছেলেটি বাসায় এসে হাঁপাতে হাঁপাতে ঘটনাটি জানায়। আমরা দ্রুত অন্য অভিভাবকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই এবং শিশুদের উদ্ধার করি।
অভিযোগের বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন মহিপুর পিসি ভাড়াটা এলাকার মুকুল হোসেনের ছেলে মোতালেব, শাহিন মাস্টারের ছেলে হাসান, জামতলা এলাকার রাব্বি ও আশিক এবং ৯ মাইল এলাকার সাব্বির হোসেনসহ আরও কয়েকজন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স