ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলনের নির্দেশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৬:৪৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৬:৪৩:৪৭ অপরাহ্ন
​সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলনের নির্দেশ ​ছবি: সংগৃহীত
চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত হওয়ার দুই বছর পর আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ। তিনি জানান, মরদেহ উত্তোলনের সময় উপস্থিত থাকার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। অনুমতি ও তারিখ চূড়ান্ত হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের জন্য আলোচিত আওয়ামী লীগ নেতা সেলিম খান ও তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথে বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার পার হয়ে বাগড়াবাজার লেবুতলা এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতার মুখে পড়েন তারা। সেখানে গণপিটুনিতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

তৎকালীন উত্তপ্ত পরিস্থিতির কারণে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্বজনেরা মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তৎকালীন পরিস্থিতি বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় এবং পরদিন সকালে লক্ষ্মীপুর গ্রামে দাফন সম্পন্ন হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, আগে ময়নাতদন্ত না হওয়ায় মৃত্যুর সুনির্দিষ্ট আইনি নথি ও প্রমাণের ঘাটতি ছিল। আদালতের নির্দেশে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ এবং চলমান আইনগত প্রক্রিয়ার প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের লক্ষ্যেই এখন এই ময়নাতদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, সেলিম খান চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘শাপলা মিডিয়া’র কর্ণধার ছিলেন এবং তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা বিচারাধীন রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ