ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​নিখোঁজ বাংলাদেশী কিশোরের মরদেহ মিলল ভারত সীমান্তে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০৪:০৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০৪:০৭:৪৬ অপরাহ্ন
​নিখোঁজ বাংলাদেশী কিশোরের মরদেহ মিলল ভারত সীমান্তে ​ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের লংকা মোড়া এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন। শাকিল ওই গ্রামের মালু মিয়ার ছেলে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে সে নিখোঁজ ছিল। এরপর শনিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে তার মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবি। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, শাকিলের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার পর ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে শাকিল কীভাবে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশে গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ