হেঁটে হাসপাতালে গিয়ে লাশ হয়ে ফিরলেন গৃহবধূ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৯-২০২৬ ০৩:৪৩:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৯-২০২৬ ০৩:৪৩:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
জরায়ুর পাশে টিউমার অস্ত্রোপচারের জন্য সুস্থ শরীরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেলিনা খাতুন (৩৫)। অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফিরবেন–এমনটাই আশা ছিল স্বজনদের। কিন্তু অস্ত্রোপচারের মাত্র দুই ঘণ্টার মাথায় সেই আশা পরিণত হলো গভীর শোকে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে যশোর শহরের মডার্ণ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের পর মারা যান তিনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের কারণেই সেলিনার অকালমৃত্যু হয়েছে। তবে অস্ত্রোপচারকারী চিকিৎসক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, অস্ত্রোপচারে কোনো ভুল ছিল না, বরং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহত সেলিনা খাতুন যশোরের চৌগাছা পৌরসভার মডেলপাড়া এলাকার সাইদুল হকের স্ত্রী। তিনি স্থানীয় এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশনের সদস্য ছিলেন। সংস্থাটির সহায়তায় শনিবার সকালে তাকে যশোর শহরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের সদস্যরা জানান, জরায়ুর পাশে টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন সেলিনা। শনিবার বেলা সাড় চারটার দিকে মডার্ণ হসপিটালে তার অস্ত্রোপচার করেন এক গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক। অস্ত্রোপচারের প্রায় দুই ঘণ্টা পরই সেলিনার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।
নিহতের স্বামী সাইদুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আমার স্ত্রী নিজের পায়ে হেঁটে হাসপাতালে ভর্তি হয়েছিল। সামান্য একটা টিউমার অপারেশনের জন্য সকালে ভর্তি করলাম, বিকেলে অপারেশন হলো। আর কয়েক ঘণ্টার ব্যবধানে সে লাশ হয়ে গেল! চিকিৎসকের ভুল ও অবহেলার কারণেই আজ আমার সংসার ছারখার হলো।'
তবে অভিযোগ অস্বীকার করে অস্ত্রোপচারকারী চিকিৎসক জানান, 'অস্ত্রোপচারে কোনো ধরনের ভুল ছিল না। সার্জারিতে সমস্যা থাকলে তিনি অপারেশন টেবিলেই মারা যেতেন। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।'
এই বিষয়ে যশোরের সিভিল সার্জন জানান, বেসরকারি ওই হাসপাতালে ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স