ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়ে তুহিনদের খামারে অপ্রতিমকে মারধর করা হয়!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:০৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০২:১৯:০১ অপরাহ্ন
পাহাড়ে তুহিনদের খামারে অপ্রতিমকে মারধর করা হয়! ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় আটক তুহিন হোসেন (১৯) এলাকায় কিশোর গ্যাংয়ের ‘লিডার’ হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, তুহিন মোবাইল, মোটরসাইকেল ছিনতাইসহ কোটবাড়ি-শালবন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে জোরপূর্বক টাকা-পয়সা ছিনতাই চক্রে জড়িত ছিলেন।

 তিনি নিজে একটি কিশোর গ্যাংয়ের সদস্য। দীর্ঘদিন ধরে তার এসব কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল। প্রভাবশালী কয়েক জনের ছত্রছায়ায় থাকায় ভয়ে তাকে কেউ কিছু বলত না।

এদিকে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতেই তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের  মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্তি পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

আটক তুহিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সানন্দা এলাকার মো. নুরুল আলমের ছেলে। তিনি কুমিল্লা গভমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে ২০২৫ সালে এসএসসি ব্যাচের পরীক্ষার্থী ছিলেন। তবে সে বছর এসএসসি পরীক্ষায় অংশ নেননি তিনি।

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার বিকেলে তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস এবং ফাহিম আহমেদ নামের আরো দুজনকে আটক করা হয়। তারা এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের আওতায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, শনিবার রাতে আসাদুল্লাহ সোহাগ নামে এক ভুক্তভোগী নিজের ফেসবুকে অভিযোগের একটি কপি পোস্ট দিয়ে তুহিন চুরির সঙ্গে সংশ্লিষ্টার বিষয়টি তুলে ধরেন। পরে মুহুর্তে ফেসবুক পোস্টটি ভাইরাল হয়ে পড়ে।

অভিযোগের ওই কপিতে দেখা গেছে, ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি এ ঘটনায় তুহিনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগট দিয়েছিলেন ভুক্তভোগী আসাদুল্লাহ সোহাগের পক্ষে তার মা মরিয়ম আক্তার।

ভুক্তভোগী আসাদুল্লাহ সোহাগ ওই পোস্টে লিখেন, ‘চোর তুহিন থেকে আজকে সে খুনি তুহিন। সে আমাকেও একইভাবে ডেকে এনে কৌশলে আমার বাইকটি ছিনতাই করে নিয়ে যায়। ওর বিরুদ্ধে যখন আমি মামলা করতে গিয়েছিলাম, তখন সদর থানা পুলিশ আমার মামলা না নিয়ে শুধু একটি জিডি নিয়েছিল। কিন্তু ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টা আমাকে বলেছিল, ওর মাথার ওপর নাকি কোন এক রাজনৈতিক দলের বড় নেতার হাত আছে, তাই ওকে যেন কিছু না করা হয়। সেদিন আমি চুপ ছিলাম, কিন্তু আজ আমি বলব, দেশের পুলিশের শুধু পোশাক পরিবর্তন হয়েছে, চরিত্র নয়, টাকা ছাড়া এ দেশে কোনোকিছুর বিচার পাওয়া যায় না।

তিনি আরো লিখেছেন, আমার বাইক চুরি হয়েছে সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি মনে করি ছোট অপরাধে পার পেয়ে গেলে অপরাধীরা পরবর্তীতে বড় অপরাধ করার সাহস পায়। সেদিন যে নেতার পাওয়ার দেখাইয়া তাকে আইন থেকে বাঁচিয়ে রেখেছিলেন আজ তাকে কিভাবে বাঁচাবেন?

কোটবাড়ি সান্দনা এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোটবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ‘ফ্লাইং বার্ড’ ও ‘কিংস অব কোটবাড়ি’ ‘গ্যাং র‌্যাপ’সহ একাধিক কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। এসব কিশোর গ্যাংয়ের প্রায় শতাধিক সক্রিয় সদস্য রয়েছে। তারা বিভিন্ন সময়ে পর্যটক ও স্থানীয়দের বিভিন্ন টাকা-পয়সা, মোবাইল, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল ছিনতাই করে। তুহিনের নিজের একটি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। পাহাড়ের টিলার ওপরে তুহিনদের একটি খামার রয়েছে, ওই খামারেই অপ্রিতমকে পেটানো হয়েছিল। এই ঘটনা অনেকেই দেখেছে কিন্তু তুহিনের ভয়ে কেউ মুখ খুলছে না।

তারা আরো জানান, তুহিন ও অভি দুজনের দুটি কিশোর গ্যাং গ্রুপ আছে। তাদের এলাকার কয়েক জন বড় নেতা সেল্টার দেয়। তুহিনের বিরুদ্ধে ভুক্তভোগীরা থানায় মামলা করতে গেলেও এলাকার নেতাদের চাপে পুলিশ মামলায় নেয়নি বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের  ও জিডির কপি যুক্ত করে একাধিক ব্যক্তি পোস্ট দিয়েছেন।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্তি পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘পুরো ঘটনার বিস্তারিত রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরবেন কুমিল্লা পুলিশ সুপার মহোদয়’। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন  

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ