কালকিনিতে বিষাক্ত কীটনাশকে ৬০ শতাংশ ধান বিনষ্ট
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৯-২০২৬ ০২:৩০:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৯-২০২৬ ০২:৩০:২৭ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
ধানের শীষে স্বপ্ন ছিল পরিবারের। কিন্তু শীষ আসার আগেই বিষাক্ত কীটনাশকে পুড়ে গেল সেই স্বপ্ন। মাদারীপুরের ডাসারে ইতালি প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। ফসল হারিয়ে দিশেহারা পরিবারটি এখন চাইছে সুষ্ঠু তদন্ত ও বিচার।
সবুজে ভরা এই ধানক্ষেতই ছিল পরিবারের স্বপ্নের ভরসা। কয়েকদিন পরই ধানের শীষে ভরে উঠত মাঠ। কিন্তু তার আগেই বিষাক্ত কীটনাশকের প্রভাবে পুড়ে গেছে পুরো ক্ষেত।
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের উত্তর ধূয়াসার মৌজায় গত ১৭ সেপ্টেম্বর সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের। পরদিন সকালে জমিতে গিয়ে ধানক্ষেতের এমন অবস্থা দেখতে পান ইতালি প্রবাসী মেনাজুল আকনের স্ত্রী মিম আক্তার। পরিবারের অভিযোগ, দক্ষিণ ধূয়াসার এলাকার ইব্রাহিম মাতুব্বর বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ধান নষ্ট করেছেন।
ওই এলাকার বাসিন্দা আতিক জানান,সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
প্রায় দুই বিঘা জমির এই ফসল দিয়েই পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর স্বপ্ন ছিল তাদের। কিন্তু ধানের শীষ আসার আগেই সেই স্বপ্ন পুড়ে ছাই। ভুক্তভোগী মেনাজুল আকনের স্ত্রী মিম আক্তার জানান, অভিযুক্তের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই, এমনকি জমিও পাশাপাশি নয়। কারও প্ররোচনা বা লোভে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।
ফসল নষ্টের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যেও তৈরি হয়েছে ক্ষোভ ও আতঙ্ক। ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কায় ডাসার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ জানান, ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একটি ধানক্ষেত শুধু ফসল নয়—কৃষকের শ্রম, পরিবারের খাবার আর ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্ন নষ্টের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের অপেক্ষায় এখন প্রবাসীর পরিবার।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স