ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌর প্যানেল স্থাপনে সহায়তা চায় মালিক সমিতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০২:৩২:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০২:৩২:২৭ অপরাহ্ন
সৌর প্যানেল স্থাপনে সহায়তা চায় মালিক সমিতি ফাইল ছবি
আগামী ছয় মাসের মধ্যে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি রাত ৮টার মধ্যে দোকান বন্ধের বাধ্যবাধকতা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির মো. হেলাল উদ্দিন। এ সময় সৌর প্যানেল স্থাপনে সরকারি ঋণসহায়তাসহ ১০ দফা দাবি জানানো হয়েছে। 

এতে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব জহিরুল হক ভূঁইয়া, সহসভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার ও হেজাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, আব্দুল মোতালেব রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দীন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ হারুন, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ রাজধানীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। 

সমিতির নেতারা জানান, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। লোডশেডিং এবং রাত ৮টায় বন্ধের কারণে দোকান ও প্রতিষ্ঠানে বেচাকেনা অনেক কমে গেছে, ব্যবসায়ের ক্ষতি বাড়ছে।

নেতারা বলেন, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। এ অবস্থা থেকে উত্তরণে দ্রুততম সময়ে সোলার প্যানেল স্থাপনই সবচেয়ে কার্যকর সমাধান। বিপণিবিতানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) বা বাণিজ্যিক ব্যাংক থেকে ২ শতাংশ সুদে বিশেষ ঋণসহায়তা দেওয়ার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি।

সংগঠনটি বলছে, স্বল্প সুদে এই ঋণসহায়তা পেলে আগামী ছয় মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে বিপণিবিতানগুলো স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব।

১০ দফা দাবির মধ্যে রয়েছে-মার্কেট ও বিপণিবিতানে সৌরবিদ্যুৎ স্থাপনে ২ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেওয়া, সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআই সনদ বাধ্যতামূলক করা এবং নিম্নমানের প্যানেল ব্যবহার হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা। সোলার প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লাইসেন্সের আওতায় আনা এবং নিয়মিত সার্ভিসিংয়ের ব্যবস্থা করার দাবিও জানিয়েছে সমিতি।

এ ছাড়া সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে ইডকল, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ দোকান মালিক সমিতির মধ্যে যৌথ চুক্তির ব্যবস্থা, সমস্যা ও অগ্রগতি পর্যালোচনায় একটি রেগুলেটরি বোর্ড গঠন এবং সব ধরনের মার্কেট ও বিপণিবিতানকে সৌরবিদ্যুৎ স্থাপনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা এই বিদ্যুৎ সংকটে দীর্ঘ সময় আর ভুগতে রাজি না। জেলা, উপজেলা পর্যন্ত আমাদের বিপণিবিতান আছে।

এগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করা গেলে এবং ব্যবসায়ীরা সৌর প্যানেলের ঋণ পরিশোধ করে দিতে পারলে অনেক ক্ষেত্রে মার্কেটকে বিদ্যুৎ বিল দিতেই হবে না। উলটো আমরা বন্ধের দিনগুলোতে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ