ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার তিতাসের ২৮ নম্বর কূপের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০১:৩৬:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০১:৩৬:২৬ অপরাহ্ন
শনিবার তিতাসের ২৮ নম্বর কূপের উদ্বোধন ফাইল ছবি
আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কূপটি চালু হলে জাতীয় গ্রিডে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন করছে বিজিএফসিএল। এসব কূপ থেকে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা করছে কর্তৃপক্ষ। এতে তিতাস গ্যাসক্ষেত্রের উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিক বলেন, নতুন কূপগুলো থেকে গ্যাস পাওয়া গেলে বেশি দামে আমদানি করা এলএনজির ওপর চাপ কমবে। গ্যাস উৎপাদন বাড়াতে তিতাস গ্যাসক্ষেত্রের ২৯, ৩০ ও ৩১ নম্বর কূপ খননের এ প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ২৯ নম্বর কূপের কাজ শেষ হয়েছে এবং ৩১ নম্বর কূপের খননকাজ চলছে। ৩১ নম্বর কূপের খনন শেষ হলে একই রিগ দিয়ে ৩০ নম্বর কূপের কাজ শুরু হবে।

বিজিএফসিএলের গভীর অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল নবাব বলেন, আমাদের সার্ভে অনুযায়ী এখানে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকতে পারে। কোনো কারিগরি জটিলতা না হলে ৩১ নম্বর কূপের কাজ শেষ হতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় গত ১৯ এপ্রিল খনন শুরু হওয়া তিতাসের ৩১ নম্বর কূপটি দেশের প্রথম ও সবচেয়ে গভীর অনুসন্ধান গ্যাস কূপ। এটি পাঁচ হাজার ৬০০ মিটার গভীরে খনন করা হচ্ছে। এখন পর্যন্ত চার হাজার ৬৩৭ মিটার পর্যন্ত খনন হয়েছে।

বিজিএফসিএল বলছে, তিতাসে এর আগে সর্বোচ্চ প্রায় তিন হাজার ৭০০ মিটার গভীরতা থেকে গ্যাস উত্তোলন করা হয়েছে। নতুন কূপটির মাধ্যমে এর নিচে গ্যাসের উপস্থিতি সম্পর্কে জানা যাবে।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। পুরোনো কূপগুলোর গ্যাসের মজুত ও চাপ কমে যাওয়ায় উৎপাদনও কমেছে।

১৯৬২ সালে তিতাস গ্যাসক্ষেত্র আবিষ্কার করে পাকিস্তান শেল অয়েল কোম্পানি। ১৯৬৮ সালে এখান থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ