মোদির জন্মদিনে পুতিনের শুভেচ্ছা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০৯-২০২৬ ০৭:৫৮:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৯-২০২৬ ০৭:৫৮:১২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে দিল্লি ও মস্কোর মধ্যকার বিশেষ কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে মোদির ব্যক্তিগত অবদানের প্রশংসা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের রুশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের পাঠানো শুভেচ্ছাবার্তাটি প্রকাশ করে। ‘দ্রুঝবা-দোস্তি’ হ্যাশট্যাগ দিয়ে প্রকাশ করা ওই বার্তায় পুতিন লেখেন, নরেন্দ্র মোদি নিজ দেশের মানুষের পাশাপাশি বিশ্বমঞ্চেও দারুণ সম্মানের অধিকারী।
গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে রুশ প্রতিনিধিদলকে চমৎকার আতিথেয়তা দেওয়ার জন্যও মোদিকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট।
শুভেচ্ছাবার্তায় মোদির সঙ্গে সাম্প্রতিক দ্বিপক্ষীয় আলোচনাকে অত্যন্ত বস্তুনিষ্ঠ ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, মোদির অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি আরও মজবুত করেছে।
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের সময় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাত নিয়েও বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতাকে একই গাড়িতে করে প্রদর্শনী পরিদর্শনে যেতে দেখা যায়।
এর আগে কিরগিজস্তান ও চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনগুলোতেও মোদি ও পুতিনকে একইভাবে একই গাড়িতে ভ্রমণ করতে দেখা গিয়েছিল।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স