ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​আগাম শীতকালীন সবজি চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০২:৪৩:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০২:৪৩:১৯ অপরাহ্ন
​আগাম শীতকালীন সবজি চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ​ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে আগাম শীতকালীন সবজি চাষে এখন চরম ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বিশেষ করে সবজির জন্য বিখ্যাত জেলার পাহাড়ি অঞ্চলের চাষিরা এবার আগাম সবজির ভালো ফলন ও উপযুক্ত দাম পাওয়ার আশায় ক্ষেতে ঘাম ঝরাচ্ছেন। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবারও লাভের মুখ দেখার প্রত্যাশা করছেন তারা।

মাঠে মাঠে দিনরাত পরিশ্রমের ফলে ইতিমধ্যে টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল ও সখীপুর উপজেলার বিস্তীর্ণ পাহাড়ি প্রান্তর সবুজে ভরে উঠতে শুরু করেছে। সারি সারি জমিতে চাষ হচ্ছে মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, গাজর, শালগম, লালশাক ও পালংশাকসহ নানা জাতের শীতকালীন সবজি। কেউ নতুন চারা রোপণ করছেন, কেউবা ব্যস্ত নিড়ানি ও পরিচর্যায়। বাণিজ্যিকভাবে বিস্তৃত এই সবজি চাষ পাহাড়ি জনপদের কৃষি অর্থনীতিতে নতুন গতি এনে দিয়েছে।

সরেজমিনে মধুপুর উপজেলার দরি হাসিল গ্রামে গিয়ে দেখা যায়, চাষি রায়হান কাজী তার ফুলকপি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত। ৭০ শতাংশ জমিতে ক্যাপ্টেন ও উইনার জাতের ১৬ হাজার ফুলকপির চারা রোপণ করেছেন তিনি।

রায়হান কাজী জানান, ‘১৫-২০ দিন আগে চারা রোপণ করেছি, এ পর্যন্ত খরচ হয়েছে লাখ টাকার কিছু বেশি। দুই মাস পরই কপি বাজারে তুলতে পারব। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ভালো দাম পেলে খরচ বাদ দিয়ে দুই থেকে তিন লাখ টাকা লাভ থাকবে।’

একই মাঠে রোগবালাই দমনে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে কৃষকদের নানা পরামর্শ দিতে দেখা গেছে।

এদিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের কৃষক রফিকুল ইসলাম ৪০ শতাংশ জমিতে শিম ও লাউ চাষ করেছেন। তিনি জানান, ইতিমধ্যে কিছু কিছু গাছে ফুল আসতে শুরু করেছে। ন্যায্য দাম পেলে তিনিও লাভবান হবেন বলে আশাবাদী।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সোয়েব মাহমুদ বলেন, ‘চলতি বছর জেলায় ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ২ লাখ ৯৪ হাজার ২২০ মেট্রিক টন। অধিক লাভের আশায় পাহাড়ি অঞ্চলের কৃষকেরা আগাম চাষ শুরু করেছেন। আগামী মাস থেকে পুরোদমে সবজি চাষ শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ