বাসচাপায় প্রাণ গেল মাইলস্টোনের শিক্ষিকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৯-২০২৬ ১১:১৬:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৯-২০২৬ ১২:১৩:২৭ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুই বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে।
তিনি খিলগাঁওয়ের মেরাদিয়ার নয়াপাড়ায় থাকতেন এবং আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে তাসফিয়া তিশা মোটরসাইকেলযোগে বনশ্রী ফরাজী হাসপাতালের সামনের রাস্তা দিয়ে এক সহকর্মীর বাসায় যাচ্ছিলেন।
এসময় বিপরীত দিক থেকে আসা রমজান পরিবহনের একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে সারা পরিবহনের অপর একটি বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে তিনি মারাত্মক আহত হন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওয়্যারলেসের মাধ্যমে দুর্ঘটনার খবর জানান। তথ্য পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক বাস দুটি আটক করেছে পুলিশ। একই সঙ্গে একটি বাসের চালক ও অপর বাসের হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স