ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​গুঞ্জন নাকচ, ২৪ ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসছে ‘কিং’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৩০:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৩০:২৪ অপরাহ্ন
​গুঞ্জন নাকচ, ২৪ ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসছে ‘কিং’ ​ছবি: সংগৃহীত
বলিউড তারকা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’-এর মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন অভিনেতা নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রশ্নোত্তর পর্বে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেছেন যে, সিনেমাটির মুক্তি পেছাচ্ছে না। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই চলচ্চিত্রটি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক ভক্ত তিন বছর পর অভিনেতার ছবি দেখার আগ্রহ প্রকাশ করে সিনেমার আপডেট ও ট্রেলার সম্পর্কে জানতে চান। এর জবাবে শাহরুখ জানান, দর্শকদের আর দীর্ঘ অপেক্ষায় রাখা হচ্ছে না এবং নির্ধারিত মুক্তির আগেই ট্রেলারসহ প্রয়োজনীয় সব প্রচারণা প্রকাশ্যে আসবে। একটি মানসম্মত চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই পুরো দল কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

শুটিং চলাকালীন শারীরিক অসুস্থতা ও চোট প্রসঙ্গে শাহরুখ জানান, দৃশ্যধারণের সময় একাধিকবার আঘাত পাওয়ায় কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছিল। তবে বর্তমানে তাঁর সব চোট পুরোপুরি সেরে গেছে এবং চলচ্চিত্রের প্রায় পুরো কাজই সফলভাবে সম্পন্ন হয়েছে। সবকিছু এখন পরিকল্পনামাফিক এগোচ্ছে জানিয়ে তিনি জানান, সিনেমার অ্যাকশন দৃশ্য, গান ও তাঁর ব্যক্তিগত লুক বা চুলের সাজেও দর্শকদের জন্য নতুনত্ব রাখা হয়েছে।

‘ডাঙ্কি’ সিনেমার পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই চলচ্চিত্রের মধ্য দিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ। চলচ্চিত্রটির অন্যতম বড় আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো তাঁর সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন কন্যা সুহানা খান। পাশাপাশি অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের উপস্থিতিও চলচ্চিত্রটিকে ঘিরে ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ