বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৯-২০২৬ ০২:৩৮:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৬ ০৪:০৬:৩৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে গ্যাসের চাপ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস দেওয়ার পর এর সুফল পাওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে গ্যাসের চাপ বেড়েছে বলেও দাবি করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহ্দী আমিন বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। মূল্যস্ফীতিও ইতিবাচক ধারায় যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম কম বলেও দাবি করেন তিনি।
সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি আর্থিক সুবিধার ক্ষেত্রে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পে-স্কেল বাস্তবায়ন করা হয়েছে। সম্পত্তির উত্তরাধিকার আইনও করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স