ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৭:৩১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৭:৩১:৩৫ অপরাহ্ন
​চীনে আন্তর্জাতিক ইউরোলজি সম্মেলনে বাংলাদেশের ইউরোলজিস্টদের অংশগ্রহণ ​ছবি: সংগৃহীত
চীনের ইউনান প্রদেশের লিজিয়াং শহরে অনুষ্ঠিত ১৩তম Golden Bridge International Urology Conference-এ বাংলাদেশের ইউরোলজি চিকিৎসা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। সম্মেলনে তাঁর গবেষণাধর্মী উপস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব লাভ করে।

গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর চীনের লিজিয়াং শহরের Garden Villa, GuanFang Hotel-এ এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। চীনের The Second Affiliated Hospital of Kunming Medical University-এর উদ্যোগে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, ফিলিপাইন, নেপাল, ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ইউরোলজিস্ট ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের “Total Tubeless Mini-PCNL” শীর্ষক গবেষণাধর্মী প্রেজেন্টেশন। কিডনির জটিল ও বড় আকারের পাথর অপসারণে ব্যবহৃত আধুনিক ও মিনিমালি ইনভেসিভ এই চিকিৎসাপদ্ধতির কার্যকারিতা, নিরাপত্তা, চিকিৎসা-ফলাফল এবং বাংলাদেশের মতো দেশে এর প্রয়োগের সম্ভাবনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তাঁর উপস্থাপনায় আধুনিক ইউরোলজি চিকিৎসায় প্রযুক্তিনির্ভর ও রোগীবান্ধব পদ্ধতির গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে আরও অংশ নেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, চেয়ারম্যান, ইউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি; অধ্যাপক ডা. শফিকুর রহমান, সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনস এবং ডা. খন্দকার মাহবুব হোসেন। অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ডা. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান ও অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম  নিজ নিজ গবেষণা ও প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি সম্মেলনের বিভিন্ন বৈজ্ঞানিক সেশনে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের ইউরোলজি চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তির ব্যবহার এবং চিকিৎসা ও গবেষণায় বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করেন আয়োজকরা। বিশেষ করে বাংলাদেশে ইউরোলজি চিকিৎসায় আধুনিক মিনিমালি ইনভেসিভ ও ল্যাপারোস্কোপিক/রোবোটিক সার্জারির অগ্রগতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

সম্মেলনে Onco-Urology, Urolithiasis, Female Urology এবং Laparoscopic/Robotic Surgery-সহ ইউরোলজির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈজ্ঞানিক আলোচনা, গবেষণা উপস্থাপনা ও লাইভ সার্জিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে সম্মেলনটি ইউরোলজি চিকিৎসার সর্বশেষ প্রযুক্তি, গবেষণা ও চিকিৎসা-পদ্ধতি বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়।

এদিকে, Kunming Medical University-এর Second Affiliated Hospital এবং Bangladesh Medical University-এর মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (MoU) ভবিষ্যতে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, বিশেষজ্ঞ বিনিময় এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ