ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৩:৪৭:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৩:৪৭:৩০ অপরাহ্ন
নাটোরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস ছবি : সংগৃহীত
নাটোরের সুগার মিলসংলগ্ন জংলি রেলগেট এলাকায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে গেছে। এতে মাইক্রোবাসের চালক আবুল হোসেন (৩২) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে জংলি ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আবুল হোসেন নাটোরের বড় হরিশপুর এলাকার আবুল কালামের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ঢাকার বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে নাটোরের জংলি এলাকায় তাদের নামিয়ে দিয়ে ফেরার পথে ছিল। এ সময় জংলি ছোট রেলগেট পার হওয়ার সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।

তারা আরও জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ব্যারিয়ার ফেলা হয়নি। এ ঘটনার পর রেলগেটে দায়িত্বে থাকা গেটম্যান সেখান থেকে চলে যান বলে অভিযোগ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় মাইক্রোবাসটির ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ