৯০০ টাকায় সুদর্শন পুরুষকে জড়িয়ে ধরার সুযোগ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৩-০৯-২০২৬ ০৪:৫৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৯-২০২৬ ০৪:৫৫:২৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চীনে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক অদ্ভুত প্রবণতা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মানসিক চাপ, একাকিত্ব ও ক্লান্তি থেকে সাময়িক স্বস্তি পেতে তরুণীরা অর্থের বিনিময়ে পেশিবহুল কিন্তু কোমল স্বভাবের পুরুষের কাছ থেকে কয়েক মিনিটের আলিঙ্গন নিচ্ছেন। এই পুরুষদের বলা হচ্ছে ‘ম্যান মাম’।
‘ম্যান মাম’ শব্দটির অর্থও বদলে গেছে সময়ের সঙ্গে। আগে এটি মূলত জিমে যাওয়া পেশিবহুল পুরুষদের বোঝাতে ব্যবহৃত হলেও এখন এমন পুরুষদের বোঝায়, যারা শক্তপোক্ত শরীরের পাশাপাশি শান্ত, ধৈর্যশীল ও যত্নশীল আচরণের জন্য পরিচিত।
এই প্রবণতার সূচনা হয় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভাইরাল পোস্ট থেকে। থিসিসের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী লিখেছিলেন, তিনি একজন ভদ্র ও পেশিবহুল পুরুষের কাছ থেকে মাত্র পাঁচ মিনিটের আলিঙ্গন চান, কারণ এতে তিনি নিরাপদ অনুভব করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, এতে এক লাখের বেশি মন্তব্য জমা হয়।
এরপর একই ধরনের ‘ম্যান মাম’ খোঁজার পোস্ট বাড়তে থাকে। এটি কোনো আনুষ্ঠানিক বা নিয়ন্ত্রিত পেশা নয়; বরং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অনানুষ্ঠানিক ব্যবস্থা। আগ্রহী নারী ও পুরুষ ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন এবং ভদ্রতা, ধৈর্য, শারীরিক গঠন ও স্বভাব বিবেচনায় সঙ্গী নির্বাচন করা হয়।
নিরাপত্তার জন্য অধিকাংশ সাক্ষাৎ হয় মেট্রোস্টেশন, শপিং সেন্টার বা অন্যান্য জনসমাগমস্থলে। সেবাটি কেবল আলিঙ্গনের মধ্যেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করা হয়। পাঁচ মিনিটের আলিঙ্গনের জন্য সাধারণত ২০ থেকে ৫০ ইউয়ান, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।
এই সেবার সঙ্গে যুক্ত কয়েকজন পুরুষ জানিয়েছেন, অন্যের মুখে স্বস্তির হাসি ফোটানোই তাদের কাছে বড় প্রাপ্তি। আবার অনেক নারী কাজের চাপ, চেহারা নিয়ে অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত দুশ্চিন্তার কথাও শেয়ার করেন।
বিশেষজ্ঞদের মতে, শহুরে জীবনের একাকিত্ব ও সম্পর্কের টানাপোড়েন এই প্রবণতার পেছনে বড় কারণ। তবে তারা সতর্ক করে বলেছেন, এটি কোনোভাবেই মানসিক চিকিৎসা বা থেরাপির বিকল্প নয়। অপরিচিত মানুষের সঙ্গে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন ও যৌন হয়রানির ঝুঁকিও থেকে যায়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স