ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​কেন মোদির নৈশভোজে অনুপস্থিত ছিলেন শি জিনপিং?

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৩:২০:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৩:২০:২৮ অপরাহ্ন
​কেন মোদির নৈশভোজে অনুপস্থিত ছিলেন শি জিনপিং? ​ছবি: সংগৃহীত
ভারতে আয়োজিত ব্রিকস সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক বিশ্ব নেতাদের সম্মানে আয়োজিত বিশেষ নৈশভোজে উপস্থিত থাকেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই নৈশভোজে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিক অংশ নিলেও শি জিনপিংয়ের অনুপস্থিতি কূটনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত সূত্রগুলো জানিয়েছে, শনিবার সকালে চীন থেকে রওয়ানা হয়ে দুপুরে নতুন দিল্লি পৌঁছান জিনপিং। পরপরই ব্রিকস সম্মেলনের প্রথম দিনের অধিবেশন এবং এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি।

দীর্ঘ সফর এবং সময়ের তারতম্যের (টাইম ডিফারেন্স) কারণে তিনি বেশ ক্লান্ত বোধ করছিলেন। বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যেই তিনি নৈশভোজে না গিয়ে নিজের হোটেলে ফিরে যান বলে পিটিআই-কে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

ভারত বা চীন সরকার থেকে শি জিনপিংয়ের নৈশভোজে অনুপস্থিত থাকার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে গত সাত বছরের মধ্যে এটিই ছিল তার প্রথম ভারত সফর, যার ফলে নৈশভোজে তার অনুপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

উল্লেখ্য, মোদির আয়োজিত সেই রাজকীয় নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসভুক্ত দেশগুলোর অন্যান্য রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া দিনের অধিবেশন শেষে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ দেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ায় তিনিও ওই নৈশভোজে যোগ দিতে পারেননি। সূত্র: এনডিটিভি

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ