গুলশানে আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৯-২০২৬ ০২:৫০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৯-২০২৬ ০২:৫০:৪৬ অপরাহ্ন
ফাইল ছবি
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পরদিন ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে শনিবার পাঠানো এক বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মিছিলে সরাসরি অংশগ্রহণকারী।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনে হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার যারা হয়েছেন, তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি বার্তায়।
শুক্রবার দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।
মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ। একই দিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।
ওসি দাউদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
মিছিলে অংশ নেওয়া বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স