ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগের অংশ নেওয়ার সুযোগ নেই

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৬:০২:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৬:০২:৩০ অপরাহ্ন
স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগের অংশ নেওয়ার সুযোগ নেই ​ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা কিংবা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন তোলা হলে সরকার বিব্রতবোধ করে। আইন অনুযায়ী দলটির সভা-সমাবেশ করা কিংবা দলীয় কার্যালয় খোলারও সুযোগ নেই।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।

তিনি আরও বলেন, সংশোধিত আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন কিংবা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না।

এর আগে প্রতিমন্ত্রী শিবগঞ্জ মোকামতলা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন।

অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ