লোডশেডিং কমাতে বিদ্যুৎ সাশ্রয়ে আনসার-ভিডিপির প্রচারণা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৯-২০২৬ ১২:২৫:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৯-২০২৬ ১২:২৫:৫৪ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে লোডশেডিংয়ের চাপ কমাতে এবং বিদ্যুৎ অপচয় রোধে জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন আনসার-ভিডিপির সদস্যরা। তারা সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ করছেন।
রংপুরের বদরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড দলনেতার উদ্যোগে এ প্রচারণা চালানো হয়। প্রচারণার সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক ভবন, দোকানপাট, হোটেল ও জনসমাগমস্থলে গিয়ে মানুষকে অপ্রয়োজনীয় বাতি, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার বিষয়ে সচেতন করা হয়। এ সময় বিদ্যুৎ সাশ্রয় ও জনসচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
আনসার-ভিডিপির সদস্যদের এ উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। প্রচারণার সময় অনেকে তাৎক্ষণিকভাবে অপ্রয়োজনীয় বাতি, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে দেন। তাঁরা আনসার-ভিডিপির সদস্যদের এই উদ্যোগের প্রশংসাও করেন।
আনসার-ভিডিপির সদস্যরা বলেন, এ প্রচারণার উদ্দেশ্য শুধু লিফলেট বিতরণ নয়। মানুষের মধ্যে এমন সচেতনতা তৈরি করাই এর লক্ষ্য, যাতে তারা নিয়মিতভাবে বিদ্যুৎ অপচয় রোধে ভূমিকা রাখেন। একজন নাগরিকের ছোট্ট সাশ্রয়ী উদ্যোগ সম্মিলিতভাবে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যুৎ সাশ্রয় শুধু সরকারের একার দায়িত্ব নয়। প্রত্যেক নাগরিকেরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ রেখে সরকারের উদ্যোগে সহযোগিতা করা প্রয়োজন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে জনসচেতনতা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে আনসার-ভিডিপির এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স